Main Menu

জকিগঞ্জে রাস্তার পাশে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় রাস্তার পাশে কৃষিজমি থেকে মাহমুদ আলী (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকায় মাদাননগর-বড়বন্দ সড়কের পাশে মরদেহটি পাওয়া যায়।

নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রাস্তার পাশে এক কৃষিজমিতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পাশে ছিল তাঁর জুতা, লাইট, অন্যান্য ব্যক্তিগত সামগ্রী এবং একটি সার্জিক্যাল গ্লাভসের জোড়া। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ও এলাকাবাসী পুলিশে খবর দেন।

প্রথমে মরদেহের পরিচয় জানা না গেলেও ছবিসহ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের ছেলে রেহিম আলী জানান, তাঁর বাবা তাবিজ-কবচ দিতেন এবং শুক্রবার এক অচেনা যুবকের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাবিজের কাজেই তিনি জকিগঞ্জের আটগ্রামে গিয়েছিলেন।

স্থানীয়দের অনেকেই এই রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share





Related News

Comments are Closed