Main Menu

জৈন্তাপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২

বৈশাখী নিউজ ডেস্ক: জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেছে। শুক্রবার (১ আগস্ট) রাত পৌণে ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনায় আহত বাকি ২১ জন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে জাফলং থেকে ছেড়ে আসা গেইটলক পরিবহনের একটি বাস (সিলেট মেট্রো-ব-১১-০০০৩) ৩২ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। রাত প্রায় ৭টা ৪০ মিনিটে ফেরিঘাট এলাকায় পৌঁছালে একই দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ইমজা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটি জাফলং থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করছিল। কাটাগাং এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়, যেখানে প্রায় ৮-৯ ফুট পানি ছিল।

ওসি আরও জানান, স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০-৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মাঝে পানিতে নিমজ্জিত বাসটি টেনে ডাঙ্গায় তোলা হয়েছে।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে তলব করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed