Main Menu

সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশন বন্ধ, বিদ্যুৎ সংকটের শংকা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত এক সপ্তাহ ধরে চলছে তীব্র তাপদাহ। তাপমাত্রা ৩৪ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রিতে উঠানামা করছে। তাপমাত্রা বাড়ায় যখন অতিষ্ঠ জনজীবন তখনই সিলেট মহানগরীতে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভাগের লোডশেডিংয়ের কোনো টাইম ফ্রেম নেই। কখনো রাত ২টা, কখনো আবার ভোর ৫টায় লোডশেডিং হয়। দিনে গড়ে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে নগরবাসীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন প্রায় ১০ দিন ধরে বন্ধ। তাই সিলেটে এখন শুধু গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব জেনারেশন আর নেই। তার উপর চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)। তাই সিলেটে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। দ্রুত কুমারগাওয়ের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন চালু না করলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে পড়বে সিলেট নগরীর বাসিন্দারা।

এদিকে পাওয়ার স্টেশন বন্ধের কারণ ও চালু হওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানেন না সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বরতরা।

একদিকে বিউবো কর্তৃপক্ষ বলছে, কুমারগাওয়ের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ হয়েছে পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে। অপরদিকে বন্ধ হওয়া পাওয়ার স্টেশনের প্রধান প্রকৌশলীও অবসরে চলে গেছেন।

তবে তার দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার পুড়ে যায়নি তবে সমস্যা হয়েছে। এটা ঠিক করতে কতদিন লাগবে তিনি জানেন না। এ ব্যাপারে সহকারী প্রধান প্রকৌশলী বিদ্যুৎ আচার্যের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

বিদ্যুৎ আচার্যের সঙ্গে কথা হলে তিনি জানান, কুমারগাওয়ের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। পাওয়ার স্টেশনে ওইরকম কোনো সমস্যা নেই।

Manual1 Ad Code

কবে এই পাওয়ার স্টেশন চালু হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘এটাতো অন্য ডিপার্টমেন্টের, একটু জেনে জানাতে হবে।’

বিউবো সূত্রে জানা যায়, সিলেট মহানগরীতে পাঁচটি ডিভিশনে ১৩টি সাবস্টেশন আছে। তাপমাত্রা বেশি থাকার কারণে বর্তমানে সমস্যা বেশি হচ্ছে। ফিউজ ছিঁড়ে যাওয়া, তার ছিঁড়ে পড়ে যাওয়া বৃদ্ধি পেয়েছে। তার উপর কুমারগাওয়ের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ। এই পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার পুড়ে গেছে প্রায় ১০দিন। এর পর থেকেই সিলেটে লোডশেডিং বেড়ে গেছে এবং ভোল্টেজও উঠানামা করছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না সিলেটে।

এদিকে সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

Manual3 Ad Code

এ ছাড়া বিদ্যুৎ বন্ধ হলে বিভিন্ন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে কল দিয়ে প্রকৌশলীদের গালিগালাজ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক গ্রাহক।

Manual1 Ad Code

এ ব্যাপারে বিউবো সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, ‘পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় আমাদের কিছু এলাকায় লোডশেডিং করতে হয়। তার উপর আবার ঢাকা থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ। পুরো সিস্টেমে ফিকুয়েন্সি ডাউন হয়ে গেলে ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয়। ইদানীং প্রায় প্রতিদিনই ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। তাই মানুষজন বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক গ্রাহক কল করে অকথ্য ভাষায় গালাগালও করেন। কিন্তু এই লোডশেডিংয়ে আমাদের কোনো হাত নেই। তারপরও গ্রাহকরা আমাদের উপরই ক্ষোভ ঝাড়েন।’

Manual4 Ad Code

এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ‘সিলেটের বিদ্যুৎ সরবরাহ হয় কুমারগাও গ্রিড উপকেন্দ্র থেকে। এই কুমারগাওয়ের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ। এই পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার পুড়ে গেছে প্রায় ১০দিন। এটা বন্ধ থাকার কারণে ভোল্টেজও কম হচ্ছে এবং সিলেটের লোডশেডিংও বেড়ে গেছে। আমরা এখন গ্রিড থেকে পাওয়ার আনছি। আমাদের নিজস্ব জেনারেশন সিলেটে আর নেই। এটা চালু হলে সিলেটের লোডশেডিং কমবে। লো ভোল্টেজের সমস্যাও সমাধান হবে। ট্রান্সফরমার পুড়ে গেছে তাই বলা যাচ্ছে না কতদিনের ভেতর ঠিক হবে। কারণ এটার যন্ত্রপাতি বাইরে থেকে আনা হয়। তাছাড়া সিলেটে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি)। গত বৃহস্পতিবারেও প্রায় ৩৩ শতাংশ লোডশেডিং ছিল সিলেটে। এই লোডশেডিং কমাতে হলে আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ দিতে হবে এবং কুমারগাওয়ের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন চালু করতে হবে। কিন্তু ওই পাওয়ার স্টেশন আমাদের আওতাধীন না। তাই সেটা কবে নাগাদ চালু হবে বলতে পারছি না।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code