সিলেটে টিএল উদ্বোধন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ মহড়া শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেডে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ডের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। অনুশীলনটি মোট ছয় দিনের জন্য পরিচালিত হবে। আগামী ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত এ মহড়া চলবে। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে টাইগার লাইটনিং অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ সদস্য অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালক, সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তর, পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর এবং কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড উপস্থিত ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুশীলনে অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকরী অবদান রাখবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed