Main Menu

উত্তরায় বিমান বিধ্বস্ত: আরও দুই শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থির মৃত্যু হয়েছে। মাকিন (১৭) নামের ওই কিশোরের ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

শুক্রবার (২৫ জুলাই) ‍দুপুর ১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৫ জন মারা গেল।

এরআগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আইমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটি ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টা ৩২ মিনিটে তার মৃত্যু হয়।

আইমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

মাকিন মারা যাওয়ার পর এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও ৪০ জনকে।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাইলস্টোন ট্রাজেডিতে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ৩২ জন মারা গেছে। এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫১ জন।

Share





Related News

Comments are Closed