Main Menu

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ 

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— ঠাকুরগাঁওয়ের ভুল্লী সেনপাড়ার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার (২০) এবং নওগাঁ জেলার আমিনুল ইসলাম (৩৫)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়ে‌ছে স্থানীয় প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ সময় আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান বলেন, আমরা রাত ৩টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গেছেন। তখন আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত ছয়জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed