Main Menu

জামালগঞ্জে মধ্যরাতে নিখোঁজ মেয়ের সকালে মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকালে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী ও পরিবারের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত ফারিহা বেগম (৫) উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে।

ফারিহার বাবা মুজিবুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে তার মা তাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং বলেন, ঘরের লাইট বন্ধ কেন। তখন তিনি দেখেন, ঘরের দরজা খোলা এবং আমার মেয়ে ফারিহা ঘরে নেই। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে পাইনি।

তিনি আরও বলেন, পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় এক শ্রমিক জানায়, স্কুলের পাশে একটি গাছের নিচে একটি শিশুর মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি ফারিহার মরদেহ। তার মুখে কামড়ের চিহ্ন ছিল। আমার মেয়েকে যারা এমন নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামিম কবির বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed