গাজায় ইসরায়েলী হামলায় একই পরিবারের ১৬ জনসহ নিহত ৭৫
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় শনিবার (৭ জুন) ঈদের দ্বিতীয় দিনেও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় একই পরিবারের ১৬ জনসহ কমপক্ষে ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার (৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য ও তাদের মধ্যে ছয়জন শিশু আছে। ওই পরিবারটি বসবাস করতো গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী।
তিনি জানান, শনিবারের হামলায় ৮৫ জন ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা। শনিবার যারা নিহত হয়েছেন, তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন।
গাজা সিটির বাসিন্দা হামেদ কেহিল আল জাজিরাকে জানিয়েছেন, বিগত বছরের ঈদে এ সময় আমরা সকালে উঠে নিজেদের এবং শিশুদের নতুন পোশাকে সাজিয়ে আত্মীয়-বন্ধু ও পরিজনদের সঙ্গে দেখা করতে যেতাম। আর এবার আমরা আমাদের শিশু ও স্বজনদের মরদেহ বহন করছি। শুক্রবার (৬ জুন) ভোরে আমাদের ঘুম ভেঙে গেছে হামলা, ধ্বংস আর আর্তনাদের শব্দে।
গাজা সিটির অপর বাসিন্দা হাসান আলখোর আল জাজিরাকে জানিয়েছেন, গত প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনী যা যা করেছে, সেজন্য যেন নেতানিয়াহু (ইসরায়েলের প্রধানমন্ত্রী)-কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়।
এর আগে শুক্রবার ঈদের দিনও দিনভর গাজার বিভিন্ন এলাকায় গোলা ছুড়েছে ইসরায়েলের বাহিনী। এই হামলায় মারা গেছে ৪২ জন।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed