Main Menu

জুড়ী সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী সীমান্ত থেকে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজকী ক্যাম্পের নায়েব সুবেদার হাশেম জানান, ঘটনার সময় রাজকী ক্যাম্পের আওতাধীন চুঙ্গাবাড়ি সীমান্তের ১৮৩৬-৩৭ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে উল্লেখিতদের দেখতে পেয়ে বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করলেও ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের পুশ করেছে।

আবুল হাশেম আরও জানান, আটক ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ কয়েক বছর আগে ভারতে গিয়েছিলেন। তারা সেখানে হরিয়ানা রাজ্যে দিনমজুরি করতেন। গত ৯ মে সেখানকার পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ সময় তাঁদের মোবাইল ফোন ও পরিচয়পত্র জব্দ করা হয়। আটকের পর তাঁরা ক্ষুধার্ত ছিলেন। ক্যাম্পে আনার পর তাঁদের খাবার দেওয়া হয়েছে। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাঁদের জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

 

 

Share





Related News

Comments are Closed