মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার উত্তরভাগ ইউনিয়ন ও সদর ইউনিয়নের ঘরগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তরভাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রাজনগর উপজেলা যুবলীগের সদস্য শাহ খালেদ আহমেদ এবং রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মীনহাজ মিয়া।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনগর উপজেলার চাটুরা এলাকায় সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। একইভাবে উপজেলার নন্দীউড়া এলাকাতেও সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব ঘটনায় বাধা দিতে গেলে ছাত্রদল নেতা মাহবুবুর রহমান জামালসহ কয়েকজন নেতাকর্মীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন আহত হন।
এসব ঘটনায় গত ১১ নভেম্বর দুপুরে রাজনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখতকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে শাহ খালেদ আহমেদ ও মীনহাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More
শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবারRead More



Comments are Closed