Main Menu

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট ও নতুন কার্যালয় উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে কলেজের ছাত্র সংসদ ভবনের নিচতলায় সংগঠনের নতুন কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইট (https://mccollegeru.org) ও নতুন রুম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

অধ্যক্ষ বলেন, ‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে আপনারা কলেজের সুনাম প্রতিনিয়ত বয়ে আনছেন। সাধারণ শিক্ষার্থীরা সরাসরি যেটা আমাদেরকে বা কোথাও বলতে পারে না, সেটা আপনাদেরকে বলতে পারে।’

তিনি বলেন, ‘আশা করি কলেজের সুনাম তুলে ধরতে আপনারা দায়িত্ব পালন করে যাবেন। শুধু যে ভালোটা তুলে ধরবেন, সেটা নয়। খারাপ কিছু থাকলে সেটাও তুলে ধরবেন, যাতে এর সংশোধন করে ভালো কিছু করা যায়।’

প্রফেসর আবুল আনাম রিয়াজ বলেন, ‘রিপোর্টার্স ইউনিটি নতুন একটি ওয়েবসাইট তৈরি করেছে, যা কলেজকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করবে।’

তিনি বলেন, ‘নিজেদের কাজ ও দায়িত্বের দ্বারা কলেজের সকল সংগঠন নিয়ে বসে তাদের মতামত জেনে এগুলোকে তাঁরা নিজস্ব ওয়েবসাইটে তুলে ধরবে। এখন থেকে তাঁদের দায়িত্ব আরও বেড়ে গেল।’

অনুষ্ঠানে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, গণিত বিভাগের প্রধান প্রফেসর তপতী চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম এবং দায়িত্বপ্রাপ্ত আরেক শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ।

বক্তব্যে উপাধ্যক্ষ আকমল হোসেন বলেন, ‘সাংবাদিকতা করতে চাইলে প্রচুর পড়তে হবে, সবকিছু শিখতে হবে। তাহলে আপনি ভালোভাবে জানতে পারবেন এবং লিখতে পারবেন।’

তিনি বলেন, ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা বেশি বেশি পড়ে ও জেনে অনেক দূর এগিয়ে যাবে। রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট একটি যুগান্তকারী পদক্ষেপ।’

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed