সিলেট সীমান্তে একরাতে ১৫৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে একরাতে ১৫৩ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ মে) দিবাগত গভীর রাত থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে পুশ ইন করা হয়। সীমান্ত অতিক্রমের সঙ্গে সঙ্গেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই ১৫৩ জনকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৫৩ জনের মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়।
রোববার (২৫মে) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়। তখনই দেখা যায়, ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সবাইকে হেফাজতে নেয়। তাদেরকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশী নাগরিক নিশ্চিত হওয়ায় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। এখন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বিএসএফ।
এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জান জানান, বিজিবি থেকে নারী, পুরুষ এবং শিশুসহ ৩২জনকে হস্তান্তর করা হয়েছে। নয়গ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদেরকে আটক করা হয়েছে। তবে এখনো সবার পরিচয় সনাক্ত হয়নি, সনাক্ত প্রক্রিয়া চলমান আছে।
এর আগে ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্তের লোভাছড়া এলাকা দিয়ে নারী শিশুসহ ২১ জন এবং ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশব্যাক করেছিল বিএসএফ। পরে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed