Main Menu

হরিপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ পশুর হাট উচ্ছেদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজারে অবৈধভাবে বসানো পশুর হাট গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা এই বাজারে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু এই হাটে তুলা হতো। গত ২৬ মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে। পরে তাদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এরপর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে তোলা পশুর হাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অধিনায়ক (সিও)।

অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা মহিষের বাজারের শেডঘর, পাকা একটি ভবন দুইটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।

অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‍্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ৪৮ বিজিবির উপ- অধিনায়ক ,র‍্যাব-৯ এর উপ- সহকারী পরিচালক ( ডিএডি) , জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed