Main Menu

কমপ্লিট শাটডাউনে সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা, ভোগান্তিতে রোগিরা

বৈশাখী নিউজ ডেস্ক: এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘কমপ্লিট শাটডাউনে’ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের সকল মেডিকেল কলেজের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে এ কর্মসূচির পালন করছেন তারা। এদিকে দাবির সাথে একাত্মতা জানিয়ে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখা হবে আজ।

ইমার্জেন্সি ও আইসিইউ বিভাগ ছাড়া সকাল থেকে বন্ধ রয়েছে ওসমানী মেডিকেলের আউটডোরে সকল চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো ও মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়।

তারা আরোও বলেন, দাবির সাথে একাত্মতা জানিয়েছেন সকল ডাক্তাররা। তাই আজ চিকিৎসকদের সব ধরনের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। এতে রোগীদের সাময়িক সমস্যা হলেও এই আন্দোলন বাংলাদেশের চিকিৎসাখাতকে সংস্কার করবে।

জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন করে হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের আন্দোলন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন সঠিক ডাক্তাররা চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে ডাক্তার ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কী চিকিৎসা পাবে আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি নিয়ে। এ জন্য জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ আছে। আমরা আগামীকালের রায় পর্যন্ত অপেক্ষা করব। রায় যদি পক্ষে না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।’

এরআগে সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।

Share





Related News

Comments are Closed