Main Menu

সিলেটে সাবেক এমপি’র বাড়িতে হামলার চেষ্টা, পুড়ল ১২ মোটরসাইকেল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে একদল লোক। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে হামলাকারীরা ঘটনাস্থলে ১২টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

পরে বিক্ষুব্ধ লোকজন ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন। এতে মোটরসাইকেলগুলো পুড়ে যায়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল লোক হাবিবের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার জেরে কামালবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।

সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তিনি যুক্তরাজ্যে রয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এরআগে একই দিন ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অগ্নিসংযোগের চেষ্টাও করা হয় বলে জানা গেছে। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এম এ মালিক।

এদিকে একইদিনে সিলেট-৩ আসনের বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় সিলেটের রাজনৈতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌছান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে শুনেছি। তবে এখনও বিস্তারিত তথ্য পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

Share





Related News

Comments are Closed