ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের সন্তানরা
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের সন্তানরা স্কুলে ভর্তিতে কোটা সুবিধা পাবেন। তাদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে কোটা রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা রেখে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এখন থেকে এই ৫ শতাংশের মধ্যেই যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের সন্তানরা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি নতুন এক অফিস আদেশ জারি করে তা বাস্তবায়ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ভর্তির সময় মূল কপি দেখাতে হবে।
আদেশ অনুযায়ী, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এসব আসন পূর্ণ করার নির্দেশ দিয়ে আদেশে বলা হয়েছে, কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।
জুলাই গণঅভ্যুত্থানের আহতদের ‘যোদ্ধা’ ও নিহতদের ‘শহীদ’ এর মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নেওয়ার উদাহরণ সম্পর্কে জানা গেল।
Related News
সশস্ত্র বাহিনী দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে দেশের সবRead More
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায়Read More



Comments are Closed