সিলেটের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে কাজ করতে চায় আলজেরিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানির সঙ্গে মতবিনিময় করেছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় রাষ্ট্রদূত আবদেলওয়াহাব শিক্ষার্থী ও ব্যবসায়ীদেরকে স্বল্প সময়ে ভিসা প্রদানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে আলজেরিয়া সরকারের কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, আলজেরিয়াতে প্রচুর খেঁজুর উৎপন্ন হয়, আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশ আলজেরিয়া থেকে স্বল্পমূল্যে খেঁজুর আমদানি করতে পারে। এতে আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে। আলজেরিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, আলজেরিয়া সম্প্রতি বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশীপ সহ উচ্চশিক্ষার সুযোগ প্রদান করছে। বাংলাদেশী শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে। এছাড়াও ব্যবসায়ীদেরকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা বিজনেস ভিসা প্রদান করছি। তিনি আলজেরিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সিলেট তথা বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরপর সর্বপ্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এজন্য আমরা আলজেরিয়া সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশে উন্নতমানের তৈরী পোষাক, সিরামিক, লেদার, প্লাস্টিক পণ্য, মেলামাইন, মেডিসিন, ইলেকট্রিক ক্যাবল ও কৃষিপণ্য উৎপন্ন হয়। আলজেরিয়ার আমদানিকারকরা এসব পণ্য স্বল্পমূল্যে বাংলাদেশ থেকে আমদানি করতে পারেন।
তিনি বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। আলজেরিয়ার বিনিয়োগকারীরা সিলেটে পর্যটন, শিল্প, শিক্ষা ও আইসিটি খাতে বিনিয়োগ করতে পারেন।
সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাত সমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সাল।
এছাড়াও বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, মোহাম্মদ মাহদী সালেহীন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed