Main Menu

ফেঞ্চুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে সরকারি ওষুধ জব্দ, নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক:
সিলেটের ফেঞ্চুগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই কার্টুন সরকারি ওষুধ জব্দ করেছে। সরকারি ওষুধ অসৎ উদ্দেশ্যে রাখার দায়ে এ সময় সেলিনা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।

শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়।

ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে সরকারি বরাদ্দের ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় ওই নারীর বাড়ির খাটের নিচ থেকে দুই কার্টন ওষুধ জব্দ করা হয়।

ওষুধগুলোর প্যাকেটের গায়ে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি, বিক্রয়ের জন্য নহে’—এমন কথা উল্লেখ করা রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই নারীকে আটক করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব বলেন, ওষুধ জব্দের ঘটনায় ওই নারীকে নানা প্রশ্ন করা হয়। ওষুধগুলোর উৎস জানতে চাইলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। তিনি একেক সময় একেক কথা বলেছেন। পরে ওষুধগুলোর জব্দ তালিকা প্রস্তুত করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাকে আটক দেখানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, তিনি ছুটিতে থাকায় বিষয়টি বিস্তারিত জানতে পারেননি। তবে শুনেছেন অধিদপ্তরের ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

 

Share





Related News

Comments are Closed