Main Menu

সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, পাঁচটি ট্রাকসহ আটক ৯

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহার করা পাঁচটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮৭ লক্ষ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকার শ্রীরামপুর বাইপাস সড়কের একটি সেতুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪শ’ ৫৮ বস্তা চিনি, চোরাই কাজে ব্যবহার করা ৫টি ট্রাক ও ৯ চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. ওবাইদুর রহমান (৩৫), মো.শাওন আলী (৩০), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. জুয়েল (৪৫), মো. নরুল ইসলাম (৪৩), মো. সাগর হোসেন (৩২), মো. সুজন আলী (২৮), মো. মামরোজ আলী (২২) ও মো. মারুফ আলী (২০)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed