Main Menu

গোয়াইনঘাটে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের পুর্ণানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)।
জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল। পথে সিএনজিটি পুর্ণানগর এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়ীটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও সিএনজি চালকসহ ৯ জন গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় জসির উদ্দিন মারা যান।

এ ঘটনায় আরও ৭জন গুরুতর হয়েছেন। আহতরা হলেন, হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০) এবং রায়হানের বাবা রহমতুল্লাহ (৩০), রাধানগর (দুভাগ) এলাকার আব্দুল খালেক এর ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিব এর ছেলে মারজান আহমদ (৩০)। অন্য দু’জনের পরিচয় জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed