Main Menu

ভোটকেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে থাকা রণজিৎ কুমার দে (৪০) নামের এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রণজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্র দের ছেলে।

জানা গেছে, গ্রাম পুলিশ রণজিৎ কুমার চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিল। রাত অনুমানিক সাড়ে ৩টার সময় গ্রাম পুলিশ রনজিত প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যায়। প্রায় আধাঘণ্টা পরও রণজিৎ ফিরে না আসায় নাইটগার্ড তাকে ডাকাডাকি করতে থাকে। রণজিৎ সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার বিদ্যালয়ের ম্যাডাম ও স্থানীয় মেম্বারকে ফোনে জানায়। অনুমানিক ভোর ৫টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠবাগানে গ্রাম পুলিশ রনজিতের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কেউ একজন গ্রাম পুলিশ রণজিৎ কুমারের গলার মাফলার পেচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

নিহতের স্ত্রী রিতা দে বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। শনিবার সকালে খবর পাই চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঠ বাগানে তার মরদেহ পাওয়া গেছে।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Share





Related News

Comments are Closed