Main Menu

সিলেট-৫ আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাপা প্রার্থী সাব্বির

নিজস্ব প্রতিবেদক: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাব্বীর আহমদ।

বুধবার (৩ জানুয়ারী) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের এ ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে সাব্বীর আহমদ অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশন থেকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন কথা রাখেনি। নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ নেই।

সাব্বীর আহমদ আরও অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির কর্মী ও ভোটাররা শঙ্কিত। প্রার্থী হিসেবেও তিনি নানাভাবে হুমকি-ধমকির শিকার হচ্ছেন। তাই সরকার ও ইসি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারায় তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

সাব্বির আহমদ বলেন, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার সিলেটে এসেও একই কথা বলেছিলেন। কিন্তু আমরা মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না। তাই নির্বাচন করা খুবই কঠিন।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিলেট সার্কিট হাউজে সকল প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। সেসময় আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি। তিনি বিষয়টি নোট করেছেন। এ অভিযোগ দেওয়ার পর নির্বাচনের পরিবেশ আরও খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন করার কোনো পরিবেশ নেই। তাই নির্বাচন বয়কট করেছি।

সাব্বির আহমদ আরও বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথে আলোচনা করেছি। তিনি বলেছেন তোমার এলাকার পরিবেশ তুমি বুঝো। যদি সেরকম পরিবেশ না থাকে তাহলে বয়কট করো।

সাব্বির আহমদ নির্বাচন বয়কট করায় সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির (ট্রাক্টর), তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো.বদরুল আলম (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মো. খায়রুল ইসলাম (হাতপাঞ্জা)।

 

 

 

Share





Related News

Comments are Closed