গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু, বুধবার কক্সবাজারে হরতাল
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালংয়ে র্যাবের টহল দলের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি নেতা জাগির হোসেনের (৩৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাগির হোসেন উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আাহসান ঢাকা পোস্টকে বলেন, জাগির হোসেন নামে গুলিবিদ্ধ একজনকে গতকাল সোমবার ভোর ৬টা ২২ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
এদিকে জাগির হোসেনের মৃত্যুর জেরে বুধবার (৮ নভেম্বর) কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ নভেম্বর র্যাব-পুলিশ উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসভবন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইন্যাসিয়ায় অভিযানের নামে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় জাগির হোসেনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে চট্টগামে মারা যান তিনি। এটি একটি নির্মম হত্যাকান্ড। এই হত্যার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) কক্সবাজার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকলকে হরতাল কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানাই।
অন্যদিকে র্যাবের টহল দলের ওপর হামলারর ঘটনায় বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, র্যাবের ওপর হামলার ঘটনায় থানায় বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
প্রসঙ্গত, গত রোববার (৫ নভেম্বর) মধ্যরাতে র্যারের টহল দল নাশকতা মামলার আসামি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ অন্য আসামিদের ধরতে জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে গেলে হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির কয়েক শ নেতাকর্মী-সমর্থক লাঠিসোঁটা নিয়ে র্যাবকে ঘিরে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ইট-পাটকেলের আঘাতে র্যাবের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলিবিদ্ধ হন জাগির হোসেনসহ তিনজন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed