Main Menu

রোববার সিলেটে হরতাল পালনের আহ্বান জামায়াতের

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র ঘোষিত রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে শাপলা চত্তরের সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী গ্রেফতারকৃত ৩ শতাধিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

শনিবার (২৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, অবিলম্বে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে রোববার হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সারাদেশের ন্যায় রোববার সিলেটেও শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed