আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে দুই সহস্রাধিক
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। ক্ষমতাসীন তালেবান প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর পর আরও চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছিল, এই ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি।
তবে বার্তা সংস্থা এপি ও স্কাই নিউজ জানিয়েছে, আজ রোববার তালেবান প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, পশ্চিম আফগানিস্তানে শনিবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০৬০ জনে দাঁড়িয়েছে। এর ফলে এটি হয়ে উঠেছে গত দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।
এর আগে দেশটিতে কাজ করা জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) প্রতিবেদনে বলা হয়েছিল, অনিশ্চিত সূত্রের হিসাবে, আফগানিস্তানে শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ জন হতে পারে।
ওসিএইচএ বলেছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধসেপড়া ভবনগুলোর নিচে বহু মানুষ আটকা থাকতে পারে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে অংশীদার এবং স্থানীয় কর্তৃপক্ষগুলো।
আফগান দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ জান জানিয়েছেন, হেরাত প্রদেশের জেন্দা জান জেলার চারটি গ্রাম ভূমিকম্প ও আফটারশকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী ফারাহ ও ব্যাজেস প্রদেশেও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম আফগানিস্তানের সর্ববৃহৎ শহর হেরাত। অনেক জায়গায় ভূমিধস হয় এবং বাড়িঘর ভেঙে পড়ে। কম্পনের তীব্রতা জানিয়ে হেরাতের ৪৫ বছর বাসিন্দা বশির আহমেদ বলেন, আমরা অফিসে ছিলাম। হঠাৎ করেই অফিস বিল্ডিং কাঁপতে শুরু করে। দেওয়ালের প্ল্যাস্টার খসে পড়তে শুরু করে এবং কিছু জায়গায় দেওয়ালও ভেঙে পড়ে। এমনকি সেই সময় ফোনের নেটওয়ার্কও ছিল না বলে জানান তিনি।
হেরাত প্রদেশে ভূমিকম্পের ফুটেজে দেখা গেছে, গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকজন তাদের মৃত প্রিয়জনদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনছে।
এর আগে ২০২২ সালের জুনে পূর্ব আফগানিস্তানের একটি দুর্গম পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার ফলে পাথর এবং কাদা-ইটের ঘরগুলো সমতলে মিশে যায়। গত দুই দশকের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে প্রাণঘাতী ওই ভূমিকম্পে অন্তত ১ হাজার মানুষ নিহত ও প্রায় দেড় হাজার মানুষ আহত হয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed