Main Menu

শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া নিয়ে মাউশির নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: স্কুলে শিক্ষার্থীদের কাছে থেকে আগাম বেতন নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাউশি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক/সমামানের সকল শেণির বার্ষিক পরীক্ষা/মূল্যায়ন নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

নির্দেশনায় আরও বলা হয়, সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা নিজ নিজ মাসেই নিতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রিম নেওয়া যাবে না।

বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এদিকে মাউশির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ নভেম্বর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ অবস্থায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তাবায়ন বা অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

 

Share





Related News

Comments are Closed