Main Menu

ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আটক ১৪৯ জন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৪৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

শনিবার (২৯ জুলাই) রাত ৮টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৪৯ জনকে আটক করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ। এছাড়া এসব অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে মামলার সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

ফারুক হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ডিএমপির একাধিক সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে ৩১ জন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর আগে বিকেলে রাজধানীর মিন্টু রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ ঢাকার প্রবেশমুখে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করে। এ কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে তারা ঢাকা মহানগর পুলিশের কোনো অনুমতি নেয়নি। তারা অনুমতি নেওয়ার জন্য আমাদের কাছে কোনোরকম আবেদন করেনি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে শুক্রবার রাতে বিএনপিকে এবং মিডিয়াকে জানানো হয়েছে যে, তাদের (বিএনপি) আজকের অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। যেহেতু ডিএমপির পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি, সেহেতু এটি একটি বেআইনি সমাবেশ।

Share





Related News

Comments are Closed