Main Menu

সাংবাদিকদের জন্য গুগলের বড় দুঃসংবাদ !

প্রযুক্তি ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই বিশ্বব্যাপী গণমাধ্যমগুলোতে কর্মী ছাঁটাই চলছে। এর মধ্যে সাংবাদিকদের জন্য আরও বড় দুঃসংবাদ নিয়ে এসেছে গুগল। জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি জানিয়েছে, সাংবাদিকদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ টুল নিয়ে আসছে।

গুগলের পক্ষ থেকে বৃহস্পতিবার (২০ জুলাই) জানানো হয়, তারা স্বয়ংক্রিয়ভাবে সংবাদ, নিবন্ধ লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল আনতে কাজ করছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়ের কথা প্রথমবারের মতো উল্লেখ করা হয়।

নাম উল্লেখ না করা সূত্রের বরাতে সেই প্রতিবেদনে বলা হয়, এআই টুলটি নিয়ে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক পোস্টের সঙ্গে গুগলের আলোচনা চলছে। গুগলের ভেতরে এই এআই টুলকে “জেনেসিস” নামে আখ্যায়িত করা হচ্ছে।

এআই টুলটি স্বয়ংক্রিয়ভাবে শিরোনামসহ আকর্ষণীয় সংবাদ আর নিবন্ধ লেখার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্নভাবে সহায়তা করবে। ফলে কর্মোদ্যম ও উৎপাদনশীলতা বাড়বে। তবে টুলটি তৈরির কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গুগলের এক মুখপাত্র বলেন, সংবাদ প্রকাশক বিশেষ করে তুলনামূলক ছোট সংবাদমাধ্যমগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে কর্মীদের সহায়তায় এআই টুল সরবরাহের কাজ প্রাথমিক পর্যায়ে আছে। তবে এআই টুলটি প্রতিবেদন লেখা এবং তথ্য যাচাইয়ের মতো মৌলিক কাজে সাংবাদিকদের বিকল্প হতে পারবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সংবাদ লেখার জন্য ইতোমধ্যে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে দ্য অ্যাসোসিয়েট প্রেস (এপি)।

Share





Related News

Comments are Closed