Main Menu

সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় দফায় আবেদন করেও সিলেটে জামায়াতে ইসলামকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২১ জুলাই) দুপুর ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে গত রোববার (১৬ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর আবেদন করে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। বৃহস্পতিবার রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি দলটি।

অনুমতির ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের বলেন, সহিংসতার আশঙ্কা থাকায় সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এটাই চূড়ান্ত। অনুমতি না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের আবেদনটি গ্রহণ করে যাচাই-বাছাই করা হয়। সবমিলিয়ে তাদের সমাবেশ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, এরআগে দশ দফা দাবিতে গত শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশ করতে মহানগর পুলিশের (এসএমপি) অনুমতি চেয়ে আবেদন করছিল জামায়াতে ইসলামী। এজন্য পুলিশের অনুমতি চেয়ে গত বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্র এসমপিতে জমা দেন। তবে কোনোভাবেই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছিল পুলিশ।

 

Share





Related News

Comments are Closed