Main Menu

ছাতকে একই রাতে ৫ দোকানে চুরি, শঙ্কিত ব্যবসায়ীরা

ছাতক সাংদদাতা: ছাতকে ব্যাপক হারে চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। শহর এবং প্রত্যন্ত এলাকায় প্রতি রাতেই ঘটছে চুরির ঘটনা। এরমধ্যে গরু চুরি ও সিঁদেল চুরির ঘটনা ঘটছে অহরহ।

সর্বশেষ রবিবার (৯ জুলাই) ছাতক পৌর শহরে একই রাতে ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে কয়েক লক্ষ টাকার মালামালসহ নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।

জানা যায়, রোববার রাতে শহরের বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গ্যালারি ষ্টোরে চুরির ঘটনা ঘটে। এ দিকে ছাতক রেলওয়ে মসজিদ মার্কেটের ইমান আলী ও ইসমাইলের দোকানে এবং মন্ডলীভোগ এলাকার আরো ২টি দোকানে রবিবার রাতে চুরি সংঘটিত হয়। এক সপ্তাহ আগে শহরের পশ্চিম বাজারের গৌরাঙ্গ পালের দোকান ঘরের টিনের চালা খুলে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল কার্ড, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, তেল- সাবান সহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, সম্প্রতি ছাতকে আইন-শৃম্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এখানে কয়েকটি খুনের ঘটনা, মহিলা কাউন্সিলরের উপর হামলা সহ চুরি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরা চালানের মাধ্যমে অবৈধ পন্য আমদানি এবং বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

আইন-শৃম্খলা বাহিনীকে ম্যানেজ করেই এখানে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে জানিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা। তারা জানান, দিনে-রাতে ছাতক শহরকে চোরাচালানের একটি প্রধান রুট হিসেবে ব্যবহার করে পুলিশের নাকের ডগা দিয়ে ভারতীয় গরু-মহিষ পাচার করছে চোরা কারবারীরা। বিনা বাঁধায় তারা দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ছাতক শহরে সম্প্রতি চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী মহল শঙ্কিত বলে জানান শহরের ব্যবসায়ী গৌরাঙ্গ পাল, জালাল উদ্দিন, শওকত মিয়া, পবলু মিয়াসহ বাগবাড়ি পয়েন্ট, পশ্চিম বাজার,রেলওয়ে মসজিদ মার্কেট, কোর্ট রোড এবং কলেজ রোড এলাকার ব্যবসায়ীরা।

চোরের উৎপাত বন্ধে পুলিশী নজরদারি বৃদ্ধির জোর দাবি জানান তারা।

Share





Related News

Comments are Closed