Main Menu

সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়া, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বনকলাপাড়ার নূরানী এলাকার মফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (৪২)। একই এলাকার মৃত আকরাম আলীর ছেলে জুবের আহমদ (৩৮) ও এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া এলাকার মিছির আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)। তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।

শনিবার (১০ জুন) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সুদিপ দাস।

তিনি জানান, গ্রেপ্তার তিনজনের দুজনই সেদিনের ওই মহড়ায় অংশ নিয়েছিল। সেই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী লাটিম মার্কার প্রার্থী সাইদ মো. আব্দুল্লার বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।

এদিকে গত মঙ্গলবার (৬ জুন) সকালের ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ ৮ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘীর পাড় কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা প্রতিদ্বন্দ্বী সাঈদ আব্দুল্লাহর বাসার মূল ফটকের দিকে অস্ত্র প্রদর্শন করেন। ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে উপস্থিত থাকতে দেখা যায়।

এব্যাপারে ৭নং ওয়ার্ডের লাটিম মার্কার কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বলেন, গত ৬ জুন কাউন্সিলর আফতাব হোসেন খানসহ কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে আমার বাসার সামনে সশস্ত্র মহড়া দিয়ে আমার বাসার ফটকে এসে অস্ত্র প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি।

Share





Related News

Comments are Closed