Main Menu

বরগুনা ও সিরাজগঞ্জে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: বজ্রপাতের শিকার হয়ে বরগুনার পাথর ঘটনায় এক নারীসহ ২ জন ও সিরাজগঞ্জে আরও দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ারী ইউনিয়নের তাফালাড়িয়া ও মানিকখালী এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে খলিলুর রহমান নামে এক কৃষক ও খেতে ডাল তোলার সময় হোসনে আরা বেগম নামে এক নারী বজ্রপাতে নিহত হয়েছেন।

নিহত খলিল পাথরঘাটার তাফালবাড়িয়া এলাকার মৃত লেহাজ উদ্দিনের ছেলে ও হোসনে আরা পার্শ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর এলাকার আব্দুস সালাম খলিফার স্ত্রী।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে ধান খেতের মাঠে থাকা গরু আনতে যান খলিল। এ সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময়ে মানিকখালি এলাকায় খেতে মুগ ডাল তোলার সময় বজ্রপাতে মারা যান হোসনে আরা বেগম।

এদিকে একইদিন বিকেলে সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, বাগডুমুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ ও একই গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক। দুজনেই কৃষক ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে মাঠে ধান কাটছিল সোলেমান শেখ ও মালেক। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়ে দুজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed