Main Menu

কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের নাজিরারটেকে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহের বেশিরভাগই ছিল হাত-পা বাঁধা ও অর্ধগলিত অবস্থায়। মরদেহগুলো পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে ভেসে আসা ট্রলারটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু বেশিরভাগই মরদেহের হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মাছ রাখার যে ফ্রিজ বা বিশেষ যে চেম্বার ট্রলারে রয়েছে, সেখানে ঢুকিয়ে রাখে দুর্বৃত্তরা। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। ইতোমধ্যে উদ্ধারকৃত মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় জেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতরে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো প্রায় গলে গেছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহগুলো কোথা থেকে, কীভাবে এসেছে তা এখানো জানা যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, প্রায় দুই সপ্তাহ আগে মহেশখালী থেকে ১৬ জন জেলে নিখোঁজ ছিল। এসব মরদেহ তাদের কারও কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান।  ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

Share





Related News

Comments are Closed