Main Menu

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ককটেল মারতে বাধা দেওয়ায় জুলহাস মিয়া (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে ও টেঁটার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নিলক্ষ্যার বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস মিয়া বীরগাঁও গ্রামের শামসু মিয়ার ছেলে। আহতরা হলেন- বীরগাঁও হাজী বাড়ির আলমগীরের ছেলে হাবিবুর রহমান (১৬), বিল্লাল মিয়ার ছেলে ইয়ামিন (১৫) ও গোপীনাথপুরের কালাগাজীর ছেলে রাইজ উদ্দিন (২৬)।

নিহতের স্বজনরা জানান, সকালে হরিপুর-দড়িগাঁওয়ের কিছু লোক চংপাড়া- বীরগাঁও এলাকার জুলহাসের মুরগির ফার্মের সামনে ককটেল ফুটাতে থাকে। ওই সময় জুলহাস ও তার লোকজন তাদেরকে ককটেল ফুটাতে বারণ করেন। এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হরিপুর-বীরগাঁওয়ের লোকজন জুলহাসের ওপর ক্ষিপ্ত হয়ে চলে যান। এরই জেরে বিকেলে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে চংপাড়া ও বীরগাঁও এলাকায় হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে প্রকাশ্যে জুলহাসসহ কয়েকজনকে গুলি করে। এ সময় জুলহাসসহ আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধ দুইজন ও টেঁটাবিদ্ধ একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোবিন্দ সরকার জানান, নিলক্ষ্যায় গণ্ডগোলের ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Share





Related News

Comments are Closed