Main Menu

ঈদের দিন সারাদেশে ঝড়সহ বৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের দিন শনিবার (২২ এপ্রিল) সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে, কোনো কোনো জেলায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। আবার কোথাও কোথাও ঝড়-বৃষ্টির দেখা মিলতেও পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া বিশেষজ্ঞরা ঈদের দিনের এ পূর্বাভাস দিয়েছেন। ঢাকায় ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা নাগাদ ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে। এতে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে।

দেশের বিভিন্ন অঞ্চলের মতো শুক্রবার (২১ এপ্রিল) ঢাকায়ও এক পশলা বৃষ্টি হয়েছে। এখনও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে কম-বেশি ঝড়-বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলেও জানান তিনি।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে হামিদ মিয়া জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে ও সময়ের প্রথম দিকে তাপমাত্রা বাড়তে পারে।

Share





Related News

Comments are Closed