Main Menu

সিলেটে পুলিশের পিকআপ-ট্রাকের সংঘর্ষ, ২ বাইক আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে ২ মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ ১১ জন আহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী পুলক রায় (৩০) মারা যায়। আহত বাকী দুজনের মধ্যে ফয়সল আহমদ (৩০) রাত সাড়ে ১২টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরও ১ আরোহী।

নিহত পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও ফয়সল আহমদ (৩০) নগরের উপকন্ঠ শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী বিক্রম কর মন্ডল (৩২) নগরের চালিবন্দর সমতা ৭/৫০ বাসার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে।আশংকাজনক অবস্থায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এছাড়া ট্রাকের সাথে সংঘর্ষে পুলিশ পিকআপের ড্রাইভারসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পুলক রায় ও ফয়সল আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক শ্যামল বণিক।

তিনি জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনে থাকা তিনজন বহনকারী নম্বরবিহীন একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed