Main Menu

ডলার নয়, দেশে টাকার সংকট আছে : পরিকল্পনামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকারের উদ্দেশ্য ভালো। সরকার জনগণের ভালো চায়।মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন, আমরা সব করছি। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রেও।

রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে। এর মূল কারণ হচ্ছে, দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে, আরও কমবে। এ জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না। অহেতুক গলাবাজি না করে কাজ করতে হবে৷ কাজ আর উৎপাদনের বিকল্প নাই। আমরা কাজে বিশ্বাসী।

এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ জনগণের ও উন্নয়নের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে। আমি বিশ্বাস করি, দেশের মানুষের উন্নয়নের সরকারের সঙ্গে ছিল; আছে আগামীতেও থাকবে।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed