Main Menu

বিল মেটাতে নাভিশ্বাস ব্রিটিশ নাগরিকদের

আন্তর্জাতিক ডেস্ক: ক’দিন আগেই মূল্যস্ফীতিতে বিগত ৪২ বছরের রেকর্ড ভেঙেছে যুক্তরাজ্য। একদিকে পণ্যের দাম, অন্যদিকে বিল পরিশোধের চাপ। দ্বিমুখী চাপে বিপর্যস্ত ব্রিটিশ নাগরিকদের জীবন।

সম্প্রতি যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথোরিটির (এফসিএ) এক জরিপে দেখা যায়, প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকদের প্রতি চারজনের একজন শুধু বিলের খরচ মেটাতেই বড় রকমের আর্থিক চাপের মধ্যে রয়েছে।

জরিপ অনুসারে, যুক্তরাজ্যের ৬০ শতাংশ মানুষ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। যেখানে ২০২০ সালের করোনাভাইরাসের সময়েও বিলের চাপে পর্যদুস্থ মানুষের সংখ্যা ছিল ৬০ লাখ, সেখানে চলতি সময়ে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখে।

জরিপে বলা হয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগেই বিগত তিন থেকে ছয় মাসে যুক্তরাজ্যের ৪২ লাখ নাগরিক বিলের অর্থ মেটাতে অক্ষমতা প্রকাশ করে। এদের মধ্যে ১২ শতাংশ মানুষ উত্তর-পূর্ব ও ১০ শতাংশ উত্তর-পশ্চিম এলাকার মতো তুলণামূলকভাবে স্বল্পোন্নত এলাকার বাসিন্দা।

এদিকে, দেশটির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এলাকার বাসিন্দাদের মধ্যে বিলের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছেন ৬ শতাংশ নাগরিক। মূলত এ এলাকাগুলোকে যুক্তরাজ্যের স্বচ্ছল এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

যারা বিলের অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছেন, তাদের প্রতি সহযোগিতামূলক আচরণের জন্য দেশটির ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এফসিএ।

এফসিএ’র মতে, প্রকাশিত জরিপটি তাদের বর্তমানে চালানো সবচেয়ে বড় মাঠ কার্যক্রমের ফসল। জরিপটি সম্পন্ন করতে প্রতিষ্ঠানটি ১৯ হাজার ব্রিটিশ নাগরিকের সাক্ষাৎকার নেয় বলে দাবি তাদের।

Share





Related News

Comments are Closed