Main Menu

বিজিবির ধাওয়ায় ভারতীয় বিড়ি বোঝাই পিকআপ উল্টে আহত ৫

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিজিবির ধাওয়া খেয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি পিকআপ গাড়ী উল্টে ৫ জন আহত হয়েছেন। এরপর পুলিশ ও বিজিবির কর্মকর্তাদের উপস্থিতিতে নাসির বিড়ি বোঝাই পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয় ২ জনকে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি পিকআপ গাড়ী সুরাইঘাট সীমান্ত এলাকা থেকে কানাইঘাট পৌর শহরের দিকে আসার সময় পিকআপটির পিছু নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন ও সুরইঘাট ক্যাম্পের সদস্যরা। বিজিবি পিকআপসহ ভারতীয় নাসির বিড়ি বোঝাই গাড়িটি আটকের জন্য ধাওয়া করলে গাড়ীর চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল।

একপর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে বিজিবি’র ধাওয়া খেয়ে আসা বিড়ি বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি স্টেশনারী দোকানের পাকা পিলারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় গাড়ীর চালকসহ গাড়ীতে থাকা ৪/৫ জন আহত অবস্থায় পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর সেখান থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

বিজিবির ধাওয়া খেয়ে নাসির বিড়ি বোঝাই পিকআপ উল্টে যাওয়ার পর সেখানে শত শত উৎসুক জনতা ভীড় করলে বিজিবির সদস্যরা মারমুখী হয়ে উঠলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাথে সাথে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ও সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ইসমাইল মিয়া সহ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, পিকআপসহ ভারতীয় ৫ লক্ষ ৮৮ হাজার পিস নাসির বিড়ি আটকের ঘটনায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সুবেদার ইসমাইল মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ জনসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ২৩।

Share





Related News

Comments are Closed