Main Menu

প্রবাসীর টাকা আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের আম্বরখানার আবাসন এসোসিয়েটস প্রাইভেট লিমিটেড-এ প্রবাসীর বিনিয়োগের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেরিন ওই গ্রামের মৃত শফিকুল হকের পুত্র।

সিআইডির পরিদর্শক শাহ মোবাশ্বির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর (যুধিষ্টিপুর) গ্রামের আব্দুস ছাত্তার চৌধুরীর পুত্র আনিসুল হক চৌধুরীর বিনিয়োগের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চলতি বছরের ২৩ মার্চ এসএমপির এয়ারপোর্ট থানায় শেরিন, হামিদসহ ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন তিনি। এয়ারপোর্ট থানার মামলা নম্বর-২৩। ধারা-৪০৬/৪২০/৩৪/৫০৬ দন্ডবিধি, কোড-১৯৮০।

মামলায় শেরিন ছাড়াও সিলেট নগরের নয়াসড়কের অপরূপা টাওয়ারের মৃত মছদ্দর আলীর পুত্র মো. আব্দুল হামিদ (৫০) ও গোলাপগঞ্জের মেহেরপুরের কমর উদ্দিনের পুত্র নাসির উদ্দিনকে (৪৫) আসামি করা হয়।

প্রথমে এয়ারপোর্ট থানা পুলিশ তদন্ত করলেও সম্প্রতি মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

মামলার নথিপত্র বুঝে পাওয়ার পর বুধবার ভোররাতে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামে শেরিনের বাড়ীতে অভিযান চালিয়ে সিআইডি তাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে শেরিনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed