Main Menu

সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। ভোটার হওয়ার সুযোগ পাচ্ছে ১৮ পূর্ণ হওয়া সবাই। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সংশোধন, সংযোজন ও বিয়োজনে গতি বাড়ানো হচ্ছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনী কাজে প্রবাসী অধ্যুষিত সিলেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানান।

মতবিনিময় সভায় মূল বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন, সংযোজন ও বিয়োজনের ৪টি স্তর (ক্যাটাগরি) রয়েছে। তাই সংশোধন, সংযোজন ও বিয়োজনের জন্যে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পর ১০৫ নম্বরে ফোন করে আবেদনকারীকে জেনে নিতে হবে আবেদনপত্রটি কোন স্তরে পড়েছে। প্রথম স্তরে হলে উপজেলা নির্বাচন অফিস, দ্বিতীয় স্তরে হলে জেলা নির্বাচন অফিস, তৃতীয় স্তরে হলে আঞ্চলিক নির্বাচন অফিস ও চতুর্থ স্তরে হলে মহাপরিচালকের অফিস প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হয়ে থাকে। তবে ব্যবসায়িক মোবাইল ফোন থেকে আবেদন না করে নিজের অথবা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মোবাইল ফোন থেকে আবেদন করা ভাল। এতে যথাসময়ে এসএমএস পাওয়ার নিশ্চয়তা থাকে। ধরণ অনুযায়ী তিনদিন থেকে একমাস পর্যন্ত সময় লাগতে পারে। শতশত আবেদন প্রতিদিন জমা হচ্ছে। সংশোধনও করা হচ্ছে।

তিনি জানান, ২৪৫ টাকায় আবেদন করতে পারবেন। কোনো দালাল ধরার প্রয়োজন নেই। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের সংশোধনী কাজের পাশাপাশি ভোটার তালিকা হাল নাগাদের কাজও শেষ পর্যায়ে।

অনেক আবেদনপত্র জমা আছে উল্লেখ করে তিনি জানান, লোকবল কম থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধন, সংযোজন ও বিয়োজনের ক্ষেত্রে সময় বেশি লাগছে। তবে নিয়মিত কাজ হয়। আগামীতে আরও দ্রুত গতিতে সংশোধন, সংযোজন ও বিয়োজন করা হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, এখন জাতীয় পরিচয়পত্রে নতুন ছবি সংযোজনেরও সুযোগ হয়েছে।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, সিলেটে ভোটার তালিকা হালনাগাদকরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

তিনি জানান, সংশ্লিষ্ট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যদি কোন বাড়ি বাদ পড়ে তাহলে সঙ্গে সঙ্গে উপজেলা বা জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান কেউ বাদ পড়লে অনলাইনে আবেদন করে ভোটার হতে পারবেন।

সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, এখানে জাতীয় পরিচয়পত্রের সংশোধন, সংযোজন ও বিয়োজনের জন্যে প্রায় ১ হাজার ২০০ আবেদনপত্র জমা হয়েছে। খুব শিগগির সমস্যা সমাধান করে দেওয়া হবে।

নির্বাচন কর্মকর্তারা জানান, সিলেট বিভাগের ১৯টি উপজেলায় বর্তমানে ভোটার রয়েছেন ৩৩ লাখ দুই হাজার ৮১৬ জন। নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে তিন লাখ ২৫ হাজার ৯২৬ জন। তথ্য সংগ্রহের হার ৯.৮৭ ভাগ। এরমধ্যে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর কোনো তথ্য নেই।

 

Share





Related News

Comments are Closed