Main Menu

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালু হচ্ছে না। ২০২৭ অর্থবছরের ডিভি লটারির আবেদন ১ নভেম্বরের মধ্যে গ্রহণ শুরু করতে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছেন মার্কিন আপিল আদালত। ফলে ট্রাম্প প্রশাসনের স্থগিত রাখা ডিভি লটারি চালু হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিন বিচারকের সমন্বয়ে গঠিত আপিল আদালতের একটি বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। এর আগে গত ১৪ অক্টোবর নিম্ন আদালত আদেশ দিয়েছিলেন, ১ নভেম্বরের মধ্যে ২০২৭ অর্থবছরের ডিভি লটারির আবেদন গ্রহণ শুরু করতে হবে।

ঘটনার সূত্রপাত ‘রেড ইগল ল’ নামের একটি অভিবাসন আইন সংস্থার করা মামলাকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন অর্থবছরের ডিভি লটারি কার্যক্রম শুরু না করায় সংস্থাটি আদালতের দ্বারস্থ হয়। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন উচ্চ আদালতে জরুরি আবেদন করে। পরে আপিল আদালত নিম্ন আদালতের আদেশের ওপর সাময়িক স্থগিতাদেশ দেন।

তবে আপিল আদালত বলেছেন, কোনো ব্যাখ্যা ছাড়াই পররাষ্ট্র দপ্তরের ডিভি লটারি কার্যক্রম বন্ধ রাখা যথাযথ হয়নি। একই সঙ্গে মামলাকারী আইন সংস্থাটির এ বিষয়ে মামলা করার সরাসরি আইনি অধিকার বা ‘লিগ্যাল স্ট্যান্ডিং’ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারকেরা।

বিচারকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ডিভি লটারি বিশ্বজুড়ে সাধারণ মানুষকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কোনো আইন সংস্থার ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য নয়।

১৯৯০ সালে চালু হওয়া ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে প্রতিবছর যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠানো দেশগুলোর নাগরিকদের লটারির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। এ কর্মসূচিতে বছরে সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা বরাদ্দের বিধান রয়েছে। তবে দেশভিত্তিক যোগ্যতা ও অন্যান্য শর্তের কারণে সব দেশের নাগরিক সমানভাবে আবেদন বা ভিসা পাওয়ার সুযোগ পান না।

এদিকে নিম্ন আদালতে আদেশ স্থগিত হলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রেড ইগল ল। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা বা কাজের ভিসায় অবস্থানরত কোনো বিদেশি নাগরিককে মামলার বাদী করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

ফলে আপিল আদালতে মামলার পরবর্তী শুনানি ও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ২০২৭ অর্থবছরের ডিভি লটারি কার্যক্রম কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Share





Related News

Comments are Closed