Main Menu

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবি প্রতিনিধি: অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনার রহস্য উদঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থী হত্যার ঘটনার রহস্য উদঘাটনে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ঘটনাটি দ্রুত তদন্ত করে রিপোর্ট প্রদানের চেষ্টা করবো।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও সহকারী প্রক্টর আবু হেনা পহিল।

প্রসঙ্গত, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমদ বন্ধুদের নিয়ে ক্যাম্পাসের গাজীকালুর টিলা নামক স্থানে বেড়াতে গিয়ে একাধিক দুষ্কৃতিকারীর কবলে পড়ে এবং অজ্ঞাত দুষ্কৃতিকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও পরে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক জানান, সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় বুলবুলকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরা ছিনতাইকারী হতে পারে বলে ধারণা অমিতের।

তবে খুনিদের চিহ্নিত করা যায়নি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘পুলিশ এ ঘটনার তদন্ত করছে। আশা করছি দ্রুত সময়ে খুনিরা গ্রেপ্তার হবে।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আহত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

 

Share





Related News

Comments are Closed