ক্যান্সার আক্রান্ত ইফতিকে বাঁচাতে শাবিতে বইমেলা
শাবি প্রতিনিধি : টেবিলের উপরে থরে থরে সাজানো নতুন-পুরাতন অনেক বই। রোদ আর বৃষ্টি থেকে বাঁচতে উপরে ত্রিপল টাঙানো। কেউ দেখে পছন্দের বই কিনছেন, আবার কেউ সেখানে এসে দিয়ে যাচ্ছেন বই।
‘অদম্য’ নামের বইমেলার স্টলে থাকা শিক্ষার্থীরা জানান, হজকিন্স ক্যান্সারে আক্রান্ত তাদের সহপাঠী তাহসিন তাবাসসুম ইফতির চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য এই আয়োজন।
তাহসিন তাবাসসুম ইফতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।তার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। বাবা হার্টের রোগী। মা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ছোট এক ভাই আছে তার।
তার মায়ের ভাষ্য, ইফতি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছে। হজকিন্স ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় দ্রুত ছড়ায়। ইতোমধ্যে লিভার, ফুসফুসসহ কয়েকটা অর্গানে ছাড়িয়েছে। দুর্বল হয়ে পড়ছে সেই অঙ্গগুলো। ডাক্তারের বরাত দিয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন ১৫ লাখ টাকা।
তিনি জানান, ‘গত নভেম্বর প্রথমে সিলেটে ও ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে হজকিন্স ক্যান্সার ধরা পড়ে। কেমোথেরাপি দেওয়ার জন্য ডাক্তার বলছে। ডাক্তারের পরামর্শে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এরইমধ্যে একটা থেরাপি দিয়েছি। রোগটি ছড়িয়ে পড়ায় অপারেশন যতদ্রুত সম্ভব করানোর জন্য ডাক্তার বলছে। তা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে।’
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পর্যায়ক্রমে চিকিৎসা চলছে তার। এ পর্যন্ত দুইবার কেমোথেরাপি দেওয়া হয়েছে ইফতিকে।
বাকি কেমোথেরাপি এবং চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন। দীর্ঘদিন পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচ চালিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। তাই ইফতিকে বাঁচাতে পরিবার ও নৃবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেল শেখ জানান, এ পর্যন্ত প্রায় সাত লাখ টাকা সংগ্রহ হয়েছে। আমরা তাকে আবার আমাদের কাছে ফিরে পেতে চাই। বাকি টাকা সংগ্রহের জন্য অনলাইনের পাশাপাশি তারা বইমেলার আয়োজন করেছেন।
বই সংগ্রহ এবং বইমেলা নিয়ে ইফতির সহপাঠী নাজমুল ইসমাল রুমন বলেন, ‘আমরা বুধবার রাতে আবাসিক হল ও মেসগুলো থেকে আড়াইশোর বেশি পুরাতন বই সংগ্রহ করি। সংগ্রহ করা সেই বইগুলো দিয়ে আমরা বইমেলার আয়োজন করি। বইমেলা থেকে যারা বই কিনছেন, তারা যে যার মতো দাম দিচ্ছেন। অনেকেই বইয়ের গায়ের দামের চেয়ে বেশি দিচ্ছেন। চিসিৎসার পুরো অর্থ সংগ্রহ না হওয়া পর্যন্ত চেষ্টা চালানো হবে। এ সময় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
বইমেলার প্রথম দিন বই বিক্রি করে শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে জানালেন ইফতির আরেক সহপাঠী ফারহাদুন রাইয়ান সিফতি। তার ভাষ্য, ‘প্রথম দিনে অনেকেই বই কিনেছেন। আমাদের এ বইমেলা চলমান থাকবে। প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আমাদের স্টল থাকবে। শুক্রবার বিকাল ৩টা থেকে স্টলে বসবো আমরা।
তিনি আরও বলেন, ‘যে কেউ চাইলেই এখানে তাদের পছন্দমতো বই প্রদান করতে পারবেন এবং এখানে এসে বই কিনতে পারবেন। আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমেও বই পাঠানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও কেউ যদি চান তাহলে তারা এখানে ইফতির চিকিৎসার্থে অর্থ প্রদান করতে পারবেন। বই বিক্রির সব অর্থ ইফতির চিকিৎসার্থে ব্যয় করা হবে।’
গত ৭ জুলাই থেকে অনলাইনে প্রচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন ইফতির সহপাঠীরা। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা। সহযোগিতা পাঠাতে তারা কয়েকটি মোবাইল ওয়ালেট নম্বরও দিয়েছে। নম্বরগুলো হলো: বিকাশ- ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭, ০১৭৪২৪৮৮৮৩১, নগদ- ০১৯৮৩৫৫৭৭১০, ০১৬৪৬২৭৮২৮৭, রকেট- ০১৬২৫৭১৪৫৬০৯।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed