চাঁদা না দিলে বৃদ্ধ সিদ্দেক আলীকে বাড়ি ছাড়া করার হুমকি
বৈশাখী নিউজ ডেস্ক: নগদ ৩ লাখ টাকা চাঁদা না দিলে নিজের বুনিয়াদী বসতভিটায় বসবাস করতে পারবে না মর্মে বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও বয়োবৃদ্ধ মোঃ সিদ্দেক আলীকে হুমকী দিয়ে বাড়ি ছাড়ার পায়তারা করছে একটি ভূমিখেকো চক্র।
গত ১৫ জুলাই শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সিলেটের মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের বাটিয়ারচর গ্রামে।
প্রতিকারে ১৬ জুলাই শনিবার দুই ব্যক্তিকে অভিযুক্ত করে মোগলাবাজার থানায় একটি অভিযোগ পেশ করেছেন ভুক্তভোগী পক্ষাঘাতে আক্রান্ত শয্যাশায়ী মোঃ সিদ্দেক আলী।
পুলিশ ঘটনার ব্যাপারে তদন্ত করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি এফআইআর হয়নি। থানা পুলিশ বলছে, পেশকৃত অভিযোগ এফআইআর-এ প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শতাব্দীকাল থেকে অভিযোগকারী মোঃ সিদ্দেক আলী বংশপরম্পরায় নিজের পৈতৃক বাড়িতে বসবাস করে আসছেন। পরবর্তীতে প্রায় ৪৮ বছর পূর্বে তিনি একই বাড়ির বাসিন্দা এবং অভিযুক্ত চেরাগ আলী ও সিরাজ আলীর চাচাতো ভাই-বোন মনির আলী ও হাওয়ারুন নেছার মালিকানাধীন ভূ-সম্পত্তি খরিদ করে নেন। আইনসঙ্গত ও বৈধভাবে খরিদা ভূমি ভোগ-ব্যবহারের কারণে দীর্ঘকাল তাকে কেউ কোন বাঁধা-আপত্তি দেয়নি। সিদ্দেক আলীর ৬ ছেলের মধ্যে ৩ জন মধ্যপ্রাচ্য প্রবাসী এবং অপর ৩ ছেলেকে নিয়ে নিজে ঢাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। বাড়িতে পুত্রবধু ও কিশোরী মেয়েদের নিয়ে তার স্ত্রী বসবাস করেন।
বছর তিনেক পূর্বে থেকে এলাকার কিছু পরধনলোভী দুস্কৃতিকারীর যোগসাজশে চেরাগ আলী ও সিরাজ আলীর নেতৃত্বে গড়ে উঠা একটি ভূমিখেকো চক্র বাদী সিদ্দেক আলীর বসতভিটাসহ বাড়ি-জমি জবরদখলের অসৎ উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র শুরু করে। এই উদ্দেশ্যে চেরাগ আলী ও সিরাজ আলী প্রায়ই বাড়িতে থাকা সিদ্দেক আলীর পরিবারের মহিলাদের অন্যায়ভাবে অহেতুক অশ্লীল গালাগালি ও তর্জন-গর্জন করতে থাকে। একই সাথে বাড়িতে থাকা বাঁশ, গাছ ও গাছের ফল-ফসল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে বৃদ্ধ সিদ্দেক আলী গ্রাম পঞ্চায়েতে প্রতিবাদী হলে গ্রামের মুরব্বিগণ বিষয়টি সালিশে নিস্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হন।
সম্প্রতি ঈদ উদযাপনের জন্য সিদ্দেক আলীর দুই ছেলে একসাথে প্রবাস থেকে বাড়িতে এলে সুযোগ বুঝে অভিযুক্তরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। বাড়ির পাশের জমিতে থাকা ফসলাদি জোর করে তুলে নেয়া, গাছ-গাছালি জোরপূর্বক কাটা ইত্যাদি অপকর্মের পাশাপাশি বাড়ি বিক্রি করে অন্যত্র চলে না গেলে সিদ্দেক আলীদের হত্যার হুমকি দিতে থাকে। অব্যাহত হুমকী-ধমকীর মুখে গত ১৫ জুলাই শুক্রবার সকালে অভিযুক্তদ্বয় আকস্মিক উঠোনে দাঁড়িয়ে বাদীর নাম ধরে অশ্লীল গালাগালি শুরু করে। গালাগালি শুনে বাদীর বড় ছেলে প্রবাসী রাসেল কী কারণে অভিযুক্তরা এসব অপকর্ম করছে, এর কারণ জিজ্ঞেস করলে অভিযুক্ত চেরাগ আলী রাসেলের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে বলে, এই টাকা দিলে তারা আর বাদীর পরিবারের সাথে কোন খারাপ আচরণ করবে না। না হয় একজন একজন করে হত্যা কিংবা যে কোনভাবেই হউক সিদ্দেক আলীর পরিবারকে এই বাড়িছাড়া করতে তারা দ্বিধাবোধ করবে না। এ কথা শুনে বাদীর ছেলে ফরহাদ দাবিকৃত চাঁদার অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তদ্বয় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। প্রাণরক্ষার্থে ফরহাদ দৌড়ে বাড়ির বাইরে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়।
ঘটনার পর সিদ্দেক আলী বিষয়টি সস্পর্কে গ্রামবাসীকে অবগত করলে তারা বলেন, এই চেরাগ আলী ও সিরাজ আলী বড় অসভ্য। ওরা সমাজ মানে না বা এলাকার কারো কথাবার্তা শুনে না। এদের আচরণে আমরা গ্রামবাসী অতীষ্ট। মুরব্বিগণ সিদ্দেক আলীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
প্রাণ রক্ষার্থে সিদ্দেক আলী একই গ্রামের মৃত রশীদ আলীর ছেলে চেরাগ আলী ও সিরাজ আলীকে অভিযুক্ত করে এসএমপি’র মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ পেশ করেছেন, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা এফআইআর হয়নি। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ সম্পর্কে তদন্ত চলছে। তদন্ত শেষে এফআইআর করা হবে।
উল্লেখ্য, একই অভিযোগে গত ১০ এপ্রিল অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে মোগলাবাজার থানায় সিদ্দেক আলী একটি জিডি করেছিলেন (নং জিডি নং-৪০৯/২২)।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed