Main Menu

জৈন্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত বেড়ে ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও ১ জন মারা গেছেন। এ ঘটনায় ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন। অপরজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এরা তিনজনই স্কুল ছাত্র।

রবিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকণাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের সামনের এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আজিম আহমদ (১৬) নামের একজন মারা যান। তিনি মহানগরের শাহপরান থানাধীন পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে। আর আহত অবস্থায় উদ্ধার হওয়া ফাহিম আহমদ অমি (১৬) হাসপাতালে নেয়ার পথে মারা যান। সে সিলেট নগরীর টিলাগড়ে বাসিন্দা সুবেদুর রহমান মুন্নার একমাত্র ছেলে ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। অপর আহত জসিম আহমদ (১৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ির বাসিন্দা আব্দুল আহাদের ছেলে। তারা তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা তিনজনই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেনী পড়তো বলে জানা গেছে।

তারা তিন বন্ধু মিলে এক সাথে মোটরসাইকেলে চড়ে জৈন্তাপুর বেড়াতে যায়। বিকেলে ফেরার পথে এই মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক ট্রাকের চালক বা হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তারা তিনজনই মোটরসাইকেল আরোহী।

এরআগে গত ২ মে সকালে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। হতাহতরা সকলেই সিএনচি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

Share





Related News

Comments are Closed