Main Menu

দোয়ারাবাজারে নৌকাডুবে ভাই বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাবার পথে বন্যার পানিতে নৌকাডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, সৌরভ মিয়া (১০) ও তার বোন তামান্না আক্তার (১৫)। নিহত তামান্না এসএসসি পরীক্ষার্থী ছিলো ও সৌরভ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এই দুই শিক্ষার্থী উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান। বুধবার বেলা ২ টায় তামান্না আক্তারের এবং এর আগে সৌরভের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১ টায় চারজন শিক্ষার্থীকে নিয়ে তাদের চাচা আমিনুল হক ছোট নৌকা নিয়ে রাজনগর গ্রাম থেকে পাশের সমুজ আলী স্কুল এন্ড কলেজে যাচ্ছিলেন। তামান্না আক্তার (১৫), সাইফুল (১৫) এবং রুমি আক্তার (১৬) নামের ৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে এবং সৌরভ তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। পথে গোজাউড়া হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সৌরভসহ তিনজনকে উদ্ধার করে। পানিতে ডুবে যাওয়া অসুস্থ সৌরভকে দোয়ারাবাজার হাসপাতালে নেবার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। সৌরভের বোন নিখোঁজ তামান্না আক্তারকে বেলা দুইটায় স্থানীয় লোকজনের সহযোগিতায় হাওর থেকেই উদ্ধার করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতদের পরিবারকে ৪০ হাজার টাকা দিয়েছেন। দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed