জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে বৈঠকে সিদ্ধান্ত, ব্যাংকে জমা ৪০ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতের খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটনকেন্দ্র জাফলং। পাহাড়ের বুকে আছে নদী ও ঝরনা। স্বচ্ছ পানির নিচে দেখা যায় নানা আকার ও রঙের পাথর। সীমান্তের ওপারে ডাউকি নদীর ওপর আছে ঝুলন্ত সেতু, যা দুটি পাহাড়কে যুক্ত করেছে। সারা বছরই দর্শনীয় এ স্থান দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।
এত বছর ধরে বিনামূল্যেই ঘুরতে পেরেছেন পর্যটকরা। তবে গত বছরের সেপ্টেম্বরের শেষদিকে জাফলংয়ে প্রবেশে চালু করা হয় ফি। জেলা প্রশাসনের সিদ্ধান্তে জনপ্রতি এখন ১০ টাকা ফি দিয়ে টিকিটের মাধ্যমে পর্যটকদের প্রবেশ করতে হয় জাফলংয়ে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ মাসে প্রবেশ ফি বাবদ ৪০ লাখ টাকা জমা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে।
এদিকে, ফি চালুর পর থেকে অনেকেই এর সমালোচনা করেছেন। জাফলংয়ের টিকিট কাউন্টারে বৃহস্পতিবার (৫ মে) পর্যটকদের মারধরের ঘটনার পর আবারও টিকিটের বিষয়টি আলোচনায় এসেছে।
আগে পর্যটকরা জাফলং জিরো পয়েন্টে যেতেন বল্লাঘাট এলাকা দিয়ে। প্রশাসনের পক্ষ থেকে এখন গুচ্ছগ্রাম এলাকা দিয়ে পর্যটক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের ওঠানামার সুবিধার জন্য বানানো হয়েছে সিঁড়ি। আর গুচ্ছগ্রামে বিজিবি ক্যাম্পের পাশেই বসানো হয়েছে টিকিট কাউন্টার।
কাউন্টারের পাশে টানানো সাইনবোর্ডে লেখা, ‘জাফলং পর্যটন এলাকার উন্নয়ন ও পর্যটন সেবা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যটন কমিটি ও উপজেলা পর্যটন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্যটক প্রবেশে পর্যটকপ্রতি ১০ টাকা হারে ফি নির্ধারণ করা হলো।’
সাইন বোর্ডের নিচে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম আছে। তাদের একজন জেলা পর্যটন কমিটির; অন্যজন উপজেলা পর্যটন কমিটির সভাপতি।
ফি নেওয়ার জন্য বসানো একাধিক টিকিট কাউন্টারে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান কিছু কর্মী। তারা প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে টাকা আদায় করেন।
প্রবেশ ফি চালুর বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, ‘গত বছর জেলা পর্যটন কমিটির সভায় ফি চালুর সিদ্ধান্ত হয়। উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এটি কাউকে ইজারা দেয়া হয়নি। চুক্তিভিত্তিক কিছু কর্মীর মাধ্যমে উপজেলা প্রশাসন ফি আদায় করে।’
‘জাফলং পরিষ্কার রাখাসহ পর্যটকদের সেবা দেয়ার জন্য কিছু অস্থায়ী কর্মী রাখা হয়েছে। এই টাকায় ঘণ্টাপ্রতি ৫০ টাকা হিসাবে তাদের বেতন দেয়া হয়। কর্মীর সংখ্যা নির্দিষ্ট নয়। সর্বনিম্ন পাঁচ-ছয়জন থেকে সর্বোচ্চ ৩০ জন কাজ করেন।’
স্বেচ্ছাসেবক প্রসঙ্গে ইউএনও বলেন, ‘স্বেচ্ছাসেবক বলা হলেও আসলে তারা স্বেচ্ছাসেবক নন। সম্মানির বিনিময়ে চুক্তিভিত্তিক কাজ করেন। অন্যদের থেকে তাদের আলাদা করার জন্য অ্যাপ্রোন দেয়া হয়েছে।’
পর্যটকদের সেবার মান বাড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘১০ টাকার বিনিময়ে আমরা পর্যটকদের কয়েকটি সেবা দেই। পর্যটন এলাকায় ড্রেস চেঞ্জ করার রুম ও টয়লেট নির্মাণ করা হয়েছে। পর্যটকরা এগুলো বিনা মূল্যে ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা। এ ছাড়া প্রবেশ ফি দিয়ে পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখারও কাজ করা হয়। টিকিট দেখালে পর্যটকরা সহজে ও নির্ধারিত দামে ফটোগ্রাফার, ট্যুর গাইড ও নৌকার মাঝি পান।’
তবে এসব সেবা নিয়ে নানা অভিযোগ ও অসন্তোষ আছে পর্যটকদের মধ্যে। পর্যটকদের অভিযোগ- চেঞ্জরুম আর টয়লেটের সংখ্যা খুব কম। এগুলো তেমন পরিষ্কারও নয়। আর ফ্রি ইন্টারনেট এতটাই স্লো যে ব্যবহার করা যায় না।
এ পর্যন্ত জমা হওয়া টাকার বিষয়ে ইউএনও তাহমিলুর রহমান জানান, ‘টিকিট ফি থেকে প্রতিদিন সমান টাকা ওঠে না। একেক দিন একেক রকম হয়। আমি দিনে সর্বোচ্চ দুই লাখ টাকা আদায় হতে দেখেছি। উপজেলা পর্যটন কমিটি নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে প্রবেশ ফি জমা হয়। ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) অ্যাকাউন্ট পরিচালনা করেন। এখন পর্যন্ত ৪০ লাখ টাকা জমা হয়েছে।’
পর্যটকদের নিরাপত্তার দিক বিবেচনা করে জাফলংয়ে নির্ধারণ করা হয় তিনটি পয়েন্ট। এসব পয়েন্ট দিয়ে প্রবেশ করতে গত ৭ মাস ধরে জনপ্রতি ১০ টাকা হারে ফি দিতে হচ্ছে পর্যটকদের। রশিদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকরা গ্রহণ করেন ফি। তবে এই ফি নিয়ে গত ৫ মে বৃহস্পতিবার জাফলংয়ে ঘটে গেছে রক্তারক্তি কাণ্ড। ফি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা ঢাকা থেকে এক পর্যটক পরিবারের ৬ সদস্যকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন। নারীদেরও করা হয়েছে শারীরিকভাবে লাঞ্ছনা। এই অব্স্থায় জাফলংয়ে ফি আদায় নিয়ে নতুন করে ভাবছে জেলা প্রশাসন।
জানা গেছে, আগামি সাত দিন পর এ বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ঈদ উপলক্ষে শুক্রবার (৬ মে) সকাল থেকে আগামী সাত দিন পর্যটকদের কাছ থেকে কোনো ধরনের টিকিট বাবদ টাকা আদায় করা হবে না। জাফলং সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য আগামী সাত দিন জাফলং উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, যেহেতু আগের জেলা প্রশাসক স্যারের সময়ে একটা মিটিংয়ে এ প্রবেশ ফি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, তাই আরেকটা মিটিং করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। এই ফি নির্ধারণ করা হয়েছিল মূলত পর্যটনকেন্দ্রের ভেতরটি মেইনটেন্যান্সের (ব্যবস্থাপনা) জন্য। সাত দিন পর একটা মিটিং ডাকব। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা লাখো পর্যটকের মধ্যে ছিলো ঢাকার একটি পরিবার। এ দলে ৮ নারী ও শিশুসহ তারা ১২ জন ছিলেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে কাউন্টারে এক শিশুর টিকিট কেনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে কাউন্টারের স্বেচ্ছাসেবকদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কয়েকজন স্বেচ্ছাসেবক লাঠি, কাঠের টুকরো ও লোহার পাইপ দিয়ে পর্যটকদের বেধড়রক মারধর শুরু করেন। তখন পাশে থাকা এক তরুণী ও কোলে শিশুবাচ্চা নিয়ে এক নারী হামলা থামানোর চেষ্টা করলে তারাও হামলার শিকার হন। এসময় নারীদের শ্লীলতাহানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন হামলার শিকার পর্যটকরা। হামলায় ৬ নারী-পুরুষ আহত হন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। ঘটনার দিন রাতেই হামলার শিকার পর্যটকরা ঢাকায় ফেরেন।
ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভিডিও এবং ছবি মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন ও জাফলং সাব জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক ঘটনাস্থলে যান। পরে হামলাকারী ৫ স্বেচ্ছাসেবককে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ। হামলার ঘটনায় আহত সুমন নামের এক পর্যটক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।
হামলার শিকার পর্যটকরা অভিযোগ করেছেন- ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও সহায়তা পাননি তারা। বৃহস্পতিবার রাতে জাফলং গ্রিন রিসোর্টের সামনে ভুক্তভোগী পর্যটকরা তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দেন গণমাধ্যর্মীদের কাছে। এসময় তারা বলেন, হামলাকারীদের হাত থেকে বাঁচতে ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চাওয়া হয়। পুলিশ হামলার ছবি মুঠোফোনে তুলে পাঠানোর কথা বলে। পুলিশের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি। তবে হামলার ঘটনার ভিডিও ফেসবুক ও অনলাইন গণমাধ্যমের মাধ্যমে ভাইরাল হলে বিকেলে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে সক্রিয় হয়। আটক করে ৫ জনকে।
গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন ও ইসলামপুর রাধানগর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন। তাদেরকে শুক্রবার দুপুরে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More



Comments are Closed