Main Menu

হবিগঞ্জে ফেইসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: ফেইসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জ শহরতলির ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে ধুলিয়াখাল পয়েন্টে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। এতে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, ধুলিয়াখাল গ্রামের দুবাইপ্রবাসী তারেক মিয়া এবং তার মা-বাবাকে নিয়ে তেতৈয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া ফেইসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রাতে দুই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ ছত্রভঙ্গ করা হয়।

এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তার মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পেছনের কারণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed