Main Menu

জাবির ভর্তি পরীক্ষা ক্যম্পাসেই হবে, ইউজিসির সুপারিশ অমান্য

জাবি প্রতিনিধি: ইউজিসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদলে ভর্তি পরীক্ষা গ্রহণ ও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করার সুপারিশ গ্রহণ করছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৫টি ইউনিটে পূর্ববর্তী বছরের ন্যায় এবছরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ এপ্রিল) বেলা দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ৭ এপ্রিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে উপাচার্যগণের সঙ্গে ইউজিসিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ১৯৭৩-এর অধ্যাদেশে প্রতিষ্ঠিত চারটি (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর) বিশ্ববিদ্যালয়কে একটি গুচ্ছ করার আহ্বান জানানো হয়। এবং গুচ্ছে না আসলে উক্ত চারটি বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটের বেশি ভর্তি পরীক্ষা নেয়া যাবে না এবং বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার ফি নেয়া যাবে না মর্মে বলা হয়। এর প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১০ ইউনিটের বদলে ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

এছাড়াও ৩টি (রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর) বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তির কার্যক্রম সম্পন্ন করা এবং শিক্ষার্থীসহ অভিভাবকদের ভোগান্তি লাঘব করার জন্য বিভাগীয় শহরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র করার সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে সোমবার (২৫ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের জরুরী সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বকীয়তা ও স্বতন্ত্রতা বজায় রেখে পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭৩ এর অ্যাক্ট মেনে চলে। অ্যাক্ট মেনেই আমরা আমাদের স্বকীয়তা ও স্বতন্ত্রতা বজায় রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। একাডেমিক কাউন্সিলে মেজরিটি এই মতামত দিয়েছে। তবে আমরা ক্যাম্পাসের যত জায়গায় সম্ভব ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবো।’

Share





Related News

Comments are Closed